দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাঁচাবাজারে মিলেছে কিছুটা স্বস্তি, তবে কাটেনি পুরো অস্বস্তি। সরবরাহ বাড়ায় পটল, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙে, জালি ও পেঁপেসহ কমেছে কয়েক ধরনের সবজির দাম। তবে বেগুন, টমেটো আর শিম এখনও চড়া। এর মধ্যে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে তেল বিক্রির অভিযোগে বাড়ছে নিম্ন আয়ের মানুষের ব্যয়ের চাপ। সবজি-মসলায় স্বস্তি ফিরলেও নিত্যপণ্যের বাজারে যেন স্বস্তি-অস্বস্তির দোলাচল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা। পটল, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙে, জালি, লাউ ও ধুন্দল ৬০ টাকা এবং করলা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা ৫০ থেকে ৬০ টাকা এবং দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি।
তবে বেগুন, টমেটো ও শিমের দাম এখনো চড়া। লম্বা বেগুন ১০০, গোল বেগুন ১২০, টমেটো ১৪০ থেকে ১৫০ এবং শিম ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের দাম কিছুটা কমে ১২০ থেকে ১৪০ টাকায় নেমেছে।
এদিকে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন বাজারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শান্তিনগর, মৌচাক, মালিবাগ, রামপুরা ও কারওয়ান বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
কলাবাগানের বাসিন্দা ব্যাংককার ওমর ফারুক বলেন, ‘তেলের দাম বাড়লেও আমাদের আয় বাড়েনি। কোনো পণ্যের দাম বাড়লেই সংসারের চাপ আরও বেড়ে যায়।’
সবজিতে স্বস্তি থাকলেও মাছ-মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০, সোনালি ৩২০ থেকে ৩৪০, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ এবং খাসির মাংস ১১৫০ থেকে ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম ১৫০ টাকা।
মাছের মধ্যে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাশ ২৩০ থেকে ২৫০, রুই-কাতল ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১০০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দাম সাইজভেদে ১২০০ থেকে ২৪০০ টাকা।
বিক্রেতারা বলছেন, সবজির ক্ষেত্রে সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে মাছের বাজারে সরবরাহ, চাহিদা, মাছের আকার ও মানসহ বিভিন্ন কারণে দাম এখনো তুলনামূলক বেশি।
ক্রেতাদের অভিযোগ, কয়েকটি সবজির দাম কমলেও সামগ্রিক বাজার খরচে তেমন স্বস্তি আসেনি। মাছসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বাজার ব্যয়ে এর প্রভাব পড়ছে।
কেএম